আর.জে রাফি, কক্সবাজার দক্ষিণ ::
পবিত্র কুরআনের আলোয় আলোকিত ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কক্সবাজারের উখিয়ার তুতুরবিলে গড়ে উঠেছে উম্মে সালমা বালিকা হিফয মাদ্রাসা। এটি তুতুরবিল এলাকার প্রথম বালিকা হিফয মাদ্রাসা হিসেবে নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি ছাত্রীদের কুরআন শিক্ষা, হিফয, ইলম, আমল ও আখলাকের সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে মাদ্রাসাটির সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পরিবেশ স্থানীয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ছাত্রীদের সুন্দর চরিত্র, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, একটি নিরাপদ, সুন্দর ও গুছানো পরিবেশে বালিকাদের কুরআন ও ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। ছাত্রীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের ইলম ও আমলের মাধ্যমে সমাজের জন্য আদর্শ নারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
তুতুরবিলের মতো প্রত্যন্ত এলাকায় বালিকাদের জন্য এমন একটি স্বতন্ত্র হিফয মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি কুরআন হিফয করানোর সুযোগ হিসেবে প্রতিষ্ঠানটিকে দেখছেন।
মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী রিদওয়ানুল করিম বলেন, কুরআনের শিক্ষা শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কুরআনের আলোকে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল করিম জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যোগ্য আলেম ও শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রীদের মানসম্মত দ্বীনি শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, তুতুরবিল এলাকায় বালিকাদের জন্য পৃথক হিফয মাদ্রাসার প্রয়োজন দীর্ঘদিনের। উম্মে সালমা বালিকা হিফয মাদ্রাসা সেই প্রয়োজন পূরণে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা স্থানীয় অভিভাবকদের।