আর.জে রাফি, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শাপলা বিলে অবৈধভাবে পশু-পাখি ধরার ফাঁদ তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিলের বিভিন্ন স্থানে এসব ফাঁদ বসানো হয়েছে।
মাছকারিয়ার এই বিলটি বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর বিচরণস্থল হিসেবে পরিচিত। তবে অবৈধ ফাঁদের কারণে প্রাণীদের স্বাভাবিক বিচরণ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
তাদের অভিযোগ, প্রকৃতির সৌন্দর্য রক্ষার পরিবর্তে বন্যপ্রাণী ধরার এমন কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর। দ্রুত এসব ফাঁদ অপসারণ এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের বক্তব্য জানতে সাংবাদিকদের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—মাছকারিয়ার প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কবে?