কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিশেষ যৌথ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের দুই সদস্য মো. কবির ওরফে ডা. কবির (৬৫) ও মো. ইলিয়াস ওরফে ইলিয়াস মেম্বারকে (৪২) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া হত্যা ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধে ১০ জনকে দণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার ১০৫ জন সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে হত্যা ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু তৈয়বকেও গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সরকারি আদেশ অমান্য, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে ১৬ এপিবিএন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমন, মানবপাচার প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।