গোপালগঞ্জ প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর কান্দা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে মো. মহিদুল (২৯) ও মো. হাতেম (২৭)।

সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল মহিদুলের বসতঘরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা জব্দ করে। এসময় মহিদুল ও তাঁর ভাই হাতেমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, কোটালীপাড়া থানায় গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে গোপালগঞ্জ জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।