জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪০০ একর কৃষিজমির টপসয়েল কেটে ৪০-৫০টি অবৈধ ঝিল তৈরির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে মুখদ্দি ও তালতাতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ভেকু জব্দ এবং ঝিলের মাছ নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয় জমির মালিকদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র পৈতৃক সম্পত্তি ও কৃষিজমি দখল করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে। বাধা দিতে গেলে হুমকি ও মারধরের শিকারও হয়েছেন তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে, যাতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে। সরকারি বিধিবিধান অনুযায়ী ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হবে।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি নিয়ম অনুসরণ করে জমি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।