বিশেষ প্রতিনিধি, আশুলিয়া:

‎

‎ঢাকার আশুলিয়ায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হতে রাজি না হওয়ায় মো: রাশেদ মিয়া (২৩) নামের এক চাকুরিজীবী যুবককে বেধড়ক মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকার সময় ভুক্তভোগী রাশেদ মিয়া ও তার বন্ধু মো: রিফাত (২৩) কর্মস্থল থেকে বের হয়ে আশুলিয়া থানাধীন জামগড়া সোনামিয়া মার্কেট ডাচ-বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জামগড়া জুতা ফ্যাক্টরির সামনে পৌঁছালে অভিযুক্তরা তাদের গতিরোধ করে।

‎

‎অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় শ্রমিক দলের নেতাকর্মী পরিচয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারা ভুক্তভোগী রাশেদ ও তার বন্ধু রিফাতকে একাধিকবার মাদক ব্যবসার সাথে জড়িত হওয়ার জন্য চাপ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। মাদক ব্যবসায় রাজি না হওয়ায় উক্ত স্থানে তাদের ওপর হঠাৎ হামলা চালানো হয়।

‎

‎হামলার একপর্যায়ে রাশেদের বন্ধু ভয়ে ঘটনাস্থল থেকে সরে গেলে অভিযুক্তরা রাশেদকে মাটিতে লুটিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তার কাছ থেকে ১৪,৫০০ টাকা মূল্যের একটি 'ওপ্পো এ১৫' (Oppo A15) মোবাইল ফোন এবং নগদ ৩,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

‎

‎অভিযোগে উল্লেখিত ৮ জন অভিযুক্তরা হলো রানা (৩৬), পিতা: ওয়াহাব আলী, বর্তমান সাং- জামগড়া কামরুলের মোড়, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; সাইদ হাসান মিঠু (৩৮), পিতা: আকবর আলী, বর্তমান সাং- জামগড়া কাঁঠালতলা, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; মো: রফিক (৩৯), পিতা: অজ্ঞাত, বর্তমান সাং- জামগড়া তেঁতুলতলা, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; মো: হামিম (৩২), পিতা: অজ্ঞাত, বর্তমান সাং- জামগড়া তেঁতুলতলা রোড, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; হাসান (৪০), পিতা: অজ্ঞাত, বর্তমান সাং- কান্দাইল, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; বিপ্লব (৪১), পিতা: অজ্ঞাত, বর্তমান সাং- কাঁঠালতলা ক্যাপ ফ্যাক্টরি, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; পলাশ (৪০), পিতা: অজ্ঞাত, বর্তমান সাং- জামগড়া কাঁঠালতলা, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা; দেলোয়ার (৩০), পিতা: সুবহান মিয়া, বর্তমান সাং- জামগড়া কাঁঠালতলা, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।

‎

‎ভুক্তভোগী রাশেদ মিয়া জানান, ঘটনার পর আইনগত নিরাপত্তার স্বার্থে তিনি আশুলিয়া থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।